চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে “ডাক্তার প্রসঙ্গ” শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি নিজের ব্যাখ্যা তুলে ধরেন এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেন।
ড. আসিফ নজরুল জানান, একটি অনুষ্ঠানে তিনি প্রথমে রোগী হিসেবে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা বলেন। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনা তুলে ধরেন। তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, এই সমালোচনা সব চিকিৎসকের জন্য প্রযোজ্য নয়। অনেক ডাক্তার সততা, দক্ষতা এবং মানবিকতার সঙ্গে সেবা দিয়ে আসছেন, কিন্তু কিছু ডাক্তারদের আচরণ নিয়ে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য আংশিকভাবে প্রকাশিত হওয়ায় মনে হতে পারে তিনি সব চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কিন্তু বাস্তবে তা নয়। তার অভিযোগ ছিল কেবল একটি নির্দিষ্ট অংশের চিকিৎসকদের বিরুদ্ধে, যারা রোগীর প্রতি যথাযথ মনোযোগ দেন না, অতিরিক্ত পরীক্ষা করান কিংবা ঔষধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন।
তার বক্তব্য বিকৃতভাবে প্রচারিত হওয়ায় দেশের বিশাল সংখ্যক নিবেদিতপ্রাণ ডাক্তারদের মনে কষ্ট হতে পারে—এমন আশঙ্কা করে তিনি বলেন:
“যারা ত্যাগ, সততা ও দক্ষতার সঙ্গে রোগীদের সেবা করে আসছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
সাথে তিনি এটিও যোগ করেন যে, অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
উল্লেখ্য, গতকাল রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (BPHCDAO) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি সরাসরি প্রশ্ন তোলেন—
এছাড়া তিনি বলেন, রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমাতে হবে এবং চিকিৎসকদের অনুরোধ করেন—রোগীদের প্রতি সদাচরণ করতে,মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে,এবং আস্থার পরিবেশ তৈরি করতে।


