শহরের জন বহুল সড়ক। সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীর। সেই প্রাচীরের উপরে রাখা হ্যান্ড মাইক। তাতে বাঁজছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে মাইকে বঙ্গবন্ধুন ভাষণ বাঁজতে দেখে উৎসুক মানুষের ভিড়।
শনিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে যশোর শহরের চারখাম্বা এলাকায়। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে হ্যান্ড মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে কিভাবে মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আবক্ষ ভাস্কর্য্য থাকাতে মোড়টির নাম হয় শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুস্থানের পরে বিক্ষুদ্ধ ছাত্রজনতা সেটি ভেঙ্গে দেয়।
শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরির বাড়ির প্রাচীরের উপরে কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ড মাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঐতিহাসিক ভাষণটি বাঁজতে থাকে।
এরপর থেকে উৎসুক জনতা মাইকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অনেকেই ভিডিও করতে দেখা গেছে। পরে কোতয়ালী মডেল থানার পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় চা দোকানদার রমজান বলেন, ‘হঠাৎ দেয়ালের উপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারেনি; কাছে এসে দেখি হ্যান্ড মাইকে বাঁজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা এসে মাইকটি রেখেছে; সেটা দেখা যায়নি।’
যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি; চার খাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাঁজছে।
পরে পুলিশ যেয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’



