যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি।
বুধবার দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইনসচিবের হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসু দেব, যুগ্ম সম্পাদক নুরে আলম পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সিনিয়র আইনজীবী আরএম মইনুল হক খান ময়না বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ ও বিচারক রাশেদুল ইসলামের আদালত তারা বর্জন করে আসছেন।
কিন্তু বিষয়টি নিয়ে যশোরের বিচার বিভাগ থেকে এখনো কোনো প্রতিকার পাননি তারা। এতে বিচারকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ওই দুই বিচারককে অপসারণ করে অন্য বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা আবার আদালতে ফিরে যাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান, সাইফুল ইসলাম, ওজিয়ার রহমান, বোরহান উদ্দিন জাকির, আলহাজ আনিছুর রহমান মুকুলসহ অন্যান্য আইনজীবী।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, তিনি, সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর এবং সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বিষয়টি সমাধানের লক্ষ্যে তারা আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং আইনজীবীদের সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে।
উল্লেখ্য, গত পহেলা মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের মতবিরোধ তৈরী হয়।
এদিন আদালত মুলতবি ঘোষনা করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু আইনজীবীরা দাবি করেন, এরপর আরও খারাপ আচরণ শুরু করেন আইরিন পারভীন।
এর জেরে জরুরী সভা ডেকে তারা দুই বিচারকের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।



