‘মার্চ ফর জাস্টিস’-এর অংশ হিসেবে জেলাজুড়ে আওয়াজ তুলল বিএনপি সমর্থিত আইনজীবীরা।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দাবিতে সারাদেশব্যাপী চলমান ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে নড়াইল জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
পদযাত্রা: আদালত চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে ফিরে জজ কোর্টে সমাপ্ত
আন্দোলনমুখর পরিবেশে আইনজীবীরা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করেন, যা জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেন নেতৃস্থানীয় আইনজীবীরা
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট এস এম আব্দুল হক (পাবলিক প্রসিকিউটর),জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু,সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ও আরও অনেকে।
বক্তৃতায় তীব্র নিন্দা ও অভিযোগ
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন—”ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাতের ভোটে নির্বাচিত এমপিদের বৈধতা দিয়েছে। সেই একই আদালতের মাধ্যমে বিএনপির বহু নেতাকর্মীকে সাজা ও গ্রেফতার করা হয়েছে।”তারা আরও বলেন,“অনেক মজলুম নেতাকে ফাঁসির কষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”
বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান
সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না, বরং সরকারের ইচ্ছামতো রায় দেয়া হচ্ছে। তারা বলেন, “যারা এই অন্যায় করেছে, এখনও অনেকেই আইনের আওতার বাইরে। তাদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”বক্তারা বলেন, সময় এসেছে আইনের শাসন, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় জনগণকে সংগঠিত করার। তারা দেশের আইনজীবীদের একতাবদ্ধ হয়ে বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


